এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে তৈরি পোশাক এবং চামড়া ও পাদুকা শিল্পে কর্মহীন দুস্থ শ্রমিকদের জরুরি মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সরকার এই সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এতে উন্নয়ন সহযোগী সংস্থা—ইউরোপীয় ইউনিয়ন এবং ফেডারেল জার্মান সরকার অর্থায়ন করতে সম্মত হয়।’
প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘জাতির পিতা আমৃত্যু দেশের খেটে খাওয়া শ্রমিকের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলস পরিশ্রম করে গেছেন। জাতির পিতার আদর্শ অনুসরণ করে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথমেই প্রধানমন্ত্রী ৩১ দফা ঘোষণা করেন। তৈরি পোশাক কারখানা মালিকরা সহযোগিতা চাওয়ার আগেই অর্থনীতি পুণরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেন এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য অর্থ প্রদান করেন তিনি।
শ্রম মন্ত্রণালয় জানায়, কর্মহীন শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে সরকার গঠিত কমিটি, সংশ্লিষ্ট শিল্প সংগঠনসমূহের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগীতায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে প্রাপ্ত এক হাজার ৭৯৪ জন কর্মহীন শ্রমিককে এ বছরের সেপ্টেম্বরের জন্য প্রথম পর্যায়ে জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান নিশ্চিত করা হলো।
অনুষ্ঠানে সংসদ সদস্য ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বেগম সামসুন নাহার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ ডি অ্যাফেয়ার্স কোনস্টানা জাঙ্গার, ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মরিজো শিয়ান এবং বিজিএমইএ'র সেক্রেটারি কমোডর (অব.) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ৪টি শিল্প সংগঠন: বিজিএমইএ, বিকেএমইএ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।