২৪ ঘণ্টায় মৃতদের ৪৮ শতাংশ অন্য রোগে আক্রান্ত

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন, রংপুরের ছবিকরোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে ৯ জন আগে থেকেই অন্যান্য জটিল অসুখে আক্রান্ত ছিলেন। সেই হিসাবে তাদের মধ্যে কোমরবিডিটির হার ৪৭ দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে কোমরবিডিটির সংজ্ঞায় অধিদফতর জানিয়েছে—ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, হাঁপানি, দীর্ঘমেয়াদি কিডনি বা ফুসফুসের রোগ এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্তের ইতিহাস থাকলে তা হবে কোমরবিলিটি।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৭০ এর বেশি। তিনি বিদেশফেরত ছিলেন না, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন বলে সেদিন সরকার থেকে জানানো হয়।

গত ২৭ আগস্ট কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বয়স্করা যেকোনও রোগের ক্ষেত্রে সবসময় ঝুঁকিপূর্ণ। তারা আগে থেকেই নানান জটিল রোগে আক্রান্ত থাকেন। তারা ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি, লিভার, হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। যে কারণে বয়স্করা স্বাভাবিকভাবেই দুর্বল থাকেন এবং সহজেই কাবু হয়ে যান।’