চাকরির মেয়াদ বাড়লো স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমস্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে তার অবসরোত্তর ছুটি ও সে সংক্রান্ত সুবিধা স্থগিত করার শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন।