প্রথম ধাপের অর্ধেক পৌরসভায় জামানত খোয়ালেন বিএনপি প্রার্থীরা

বিএনপিসোমবার নির্বাচন অনুষ্ঠিত ২৩টি পৌরসভার মধ্যে ১২টিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা জামানত হারিয়েছেন। এ নির্বাচনে মেয়র পদে সব মিলে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট পড়েছে সাড়ে ১৩ শতাংশ। বিপরীতে নৌকায় ভোট পড়েছে ৬৪ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো রিটার্নিং কর্মকর্তাদের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, নির্বাচনে কাস্টিং হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়া প্রার্থীদের জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়ে যায়।

এদিকে প্রথম দফা পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। ২৩টি পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন ১৮টিতে, বিএনপি জয় পেয়েছে দুটিতে, আর তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

যেসব পৌরসভায় বিএনপির প্রার্থীরা জামানত হারিয়েছেন সেগুলো হলো—পাবনার চাটমোহর, রংপুরের বদরগঞ্জ, বরগুনার বেতাগী, মৌলভীবাজারের বড়লেখা, ঢাকার ধামরাই, ময়মনসিংহের গফরগাঁও, বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর, রাজশাহীর কাটাখালী, পটুয়াখালীর কুয়াকাটা, মানিকগঞ্জ সদর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর।

প্রথম দফায় দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় ফল ঘোষণা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

আরও পড়ুন- 

প্রথম ধাপের পৌর নির্বাচনে আ. লীগ ১৮, স্বতন্ত্র ৩, বিএনপি ২ 

প্রথম ধাপের পৌরসভায় ভোট পড়েছে ৬৫ শতাংশ