বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান তথ্যমন্ত্রীর  

ধ্বংসাত্মক রাজনীতি বাদ দিয়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,  ‘চারদিকে রাজনীতির বড় অবক্ষয়। আর এই অবক্ষয়ের বড় সৃষ্টি হচ্ছে বিএনপি। বিএনপির যারা নেতা তারা কিন্তু দলছুট। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেন। খাবারের উচ্ছিষ্ট যখন রাস্তায় বিলিয়ে দেওয়া হয় তখন প্রচুর কাকের সমাবেশ হয়। আজকে যারা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তারা সবাই রাজনীতির কাক।’

তিনি আরও বলেন, ‘আশা করেছিলাম বছরের প্রথম দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাবার্তায় পরিবর্তন আসবে। দুঃখজনক হলেও সত্য, বছরের এই কয়টা দিনে তার ভাষার মধ্যে কোনও পরিবর্তন আসেনি। তিনি এই বছরেই সরকার উৎখাত করবেন।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন। এতদিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করার রাজনীতি করেছেন, মানুষকে পুড়িয়ে মারার যে রাজনীতি করেছেন, এজন্য নতুন বছরে জনগণের কাছে ক্ষমা চান। জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। আমাদের প্রত্যাশা এই বছরে দুটি। যত দ্রুত সম্ভব বাংলাদেশকে করোনামুক্ত করবো। একই সঙ্গে আমি প্রত্যা ্শএ করবো বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসবে।’  

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংগঠনটির উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম প্রমুখ।