পঁচাত্তরের পর বাংলাদেশকে পরনির্ভরশীল করা হয়েছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার পরিবর্তে পরনির্ভরশীল করেছিল। এমনকি অন্যের ওপরেই নির্ভরশীলতা ছিল, যেটা আমাদের জন্য অসম্মানজনক।

বুধবার (৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০- এর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি। অর্থনৈতিক ভাবে আমরা যেন শক্তিশালী হই এবং আত্মনির্ভরশীল হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যেকারণে যখনই আমি সরকারে এসেছি তখনই প্রচেষ্টা চালিয়েছি, আমরা আত্মনির্ভরশীল হবো, আত্মমর্যাদাবান হবো। আজকে আমাদের বাজেটের ৯৭-৯৮ শতাংশ নিজেদের অর্থে করতে পারি। অর্থনীতিতে আমরা স্বাবলম্বী হওয়ার পথে।’ 

তিনি আরও বলেন,  ‘আমাদের দেশের মানুষ নিজের জায়গা জমি বিক্রি করে বিদেশ যায়। কিন্তু যে সোনার হরিণ ধরতে যাচ্ছে সেখানে গিয়ে পড়ে বেতন পাচ্ছে না, মানবেতর জীবনযাপন করছে। একদিকে যেমন নিজের সম্পদ হারাচ্ছে, আবার উপযুক্ত কাজ হারাচ্ছে। এধরনের অবস্থা আমরা আগে দেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, আমি যখনই বিদেশে গিয়েছি আমি আমাদের প্রবাসীদের সঙ্গে দেখা করে কথা বলেছি।  যখন জাতীয় সংসদে আমি প্রথম নির্বাচিত হয়ে আসি, তার আগে বিরোধী দলে ছিলাম। আমি দেখেছি যে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ফান্ডের টাকা ব্যয় হতো না। আমি তখন প্রতিবাদ করেছিলাম, এই টাকা আমাদের প্রবাসীরা পাঠায় , এই টাকা প্রবাসীদের কল্যানে ব্যয় হবে, তাদের সন্তানদের লেখাপড়ায় ব্যয় হবে।’