বাংলাদেশ পুলিশের অনুরোধে পিকে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। শুক্রবার (৮ জানুয়ারি) পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
এআইজি সোহেল রানা বলেন, ‘বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা পিকে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল। সেই আবেদনে পিকে হালদারের সম্ভাব্য অবস্থান তুলে ধরা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং যে অভিযোগ রয়েছে সুনির্দিষ্টভাবে সেগুলো উল্লেখ করা হয়েছে ইন্টারপোলের কাছে।’
সোহেল রানা আরও বলেন, ‘পুলিশের এই আবেদনটি ইন্টারপোল একটি বিশেষ কমিটি পর্যালোচনা করে তার বিরুদ্ধে শুক্রবার রেড নোটিশ জারি করে। ইন্টারপোলের এই নোটিশটি আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে।’
ইন্টারপোল রেড নোটিশ জারি করে বিভিন্ন দেশে ইন্টারপোলের যেসব শাখা রয়েছে এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফিস রয়েছে সেসব জায়গায় এই রেড নোটিশ পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, আর্থিক খাত থেকে আত্মীয়-স্বজনদের চক্রের মাধ্যমে অন্তত ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার কারিগর পিকে হালদারের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪০০ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পাওয়া গেছে। দুদক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ পিকে হালদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান করছে। এছাড়া দুদকের ক্যাসিনো দুর্নীতির মামলায় চার্জশিট তালিকায় লিজিং কোম্পানি ও আর্থিক খাত থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারেও তার নাম এসেছে। ক্যাসিনো সংশ্লিষ্টতায় গত ৮ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।