ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যের প্রসঙ্গে সংস্থাটির বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ডিএসসিসির সাবেক মেয়র যা বলেছেন, এটা তার ব্যক্তিগত অভিমত। দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত জবাব দেওয়া সমীচীন নয়।’
রবিবার (১০ জানুয়ারি) নগর ভবনের দক্ষিণ প্রান্তে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যে স্থানটির কথা বলা হচ্ছে সে জায়গাটি দখল ছিল। এখানে এটি একটি উচ্ছেদ কার্যক্রম। কেউ যদি ব্যক্তিগত আক্রশের বশবর্তী হয়ে এমন মন্তব্য করেন তাহলে সেটা তার ব্যক্তিগত অভিমত। তবে আমার এই দায়িত্বশীল জায়গায় থেকে কোনও ধরনের মন্তব্য করা সমীচীন হবে না।’
সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে তাপস বলেন, ‘দেশের সব বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থাগুলো থেকে আমানত সংগ্রহ করে। মধুমতি ব্যাংকও তেমন একটি বেসরকারি ব্যাংক। তারাও বিভিন্ন সরকারি সংস্থা থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এখানে কোনও আইনবর্হিভূত কিছু নেই। দুর্নীতি তখন হয় যখন কোনও কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন নেওয়া হয়। দুর্নীতি তখন হয় যখন উৎকোচ গ্রহণ করা হয়, সরকারি প্রভাব খাটিয়ে অর্থ আদায় করে আত্মসাৎ করা হয়, তখন দুর্নীতি হয়। যে যতই তার ব্যক্তিগত আক্রশের জায়গা থেকে নিজের মত করে মন্তব্য করুক না কেন, আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।’