অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণের নির্দেশ বঙ্গবন্ধুর

১৯৭৩ সালের এই দিনে অবিলম্বে শহীদ মিনার পুনর্নির্মাণের নির্দেশ দেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। পূর্ত দফতরের প্রতি এ নির্দেশ দেন তিনি। মেডিকেল কলেজ হাসপাতালের কাছে আগের জায়গাতেই এই মিনার পুনর্নির্মাণ করা হবে। সরকারি সূত্রে এ কথা জানায় সেসময়ের পত্রিকাগুলো।

পিবিআই পরিবেশিত খবরে বলা হয়, ১৯৫৬ সালে তদানীন্তন সরকার শহীদ মিনার নির্মাণ করে। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চের পর বর্বর পাকিস্তানি সেনাবাহিনী সেটি ধ্বংস করে দেয়। শহীদ মিনার ঠিক আগের মতো করে নির্মাণ করা হবে বলে জানা গেছে। মন্ত্রী মতিউর রহমান জানান, শহীদ মিনারের নির্মাণ কাজ তদারকির জন্য একজন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। নিকট ভবিষ্যতে শহীদ মিনারের আরও উন্নয়ন সাধনের জন্য একটি ব্যাপক পরিকল্পনা নেওয়া হবে।


সারাদেশে পূর্ণ ধর্মঘটের ডাক
জাতীয় শ্রমিক লীগের আহবানে ৩১ জানুয়ারি সারা দেশে পণ্য ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশালীন মন্তব্যের প্রতিবাদে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং কালোবাজারি মুনাফাখোরদের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানিয়ে, অবৈধ লাইসেন্স পারমিট বাতিলের দাবিতে এবং দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ এই ধর্মঘটের ডাক দেয়। কর্মসূচির মধ্যে ধর্মঘট ছাড়াও ছিল বিক্ষোভ সমাবেশ। ঢাকায় বিকাল তিনটায় পল্টন ময়দানের জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে শ্রমিক জনসভা।

বঙ্গবন্ধুর নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার
দলীয় স্বার্থে ও বঙ্গবন্ধুর নির্দেশে আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রচার পরিষদের আহ্বায়ক নুরুল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে যে মনোনয়ন চেয়েছিলেন তা প্রত্যাহার করে নেন। বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলাদেশে আসন্ন প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রথম পর্যায় পূর্ণ হয়। নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় শুরু ও সমাপ্তি ঘটবে ভোটগ্রহণের আয়োজন ও নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে। প্রধান নির্বাচন কমিশনার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেকটি নির্বাচনি এলাকা থেকে একজন করে প্রার্থী নির্বাচনের জন্য জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়ে নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের মতোই নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশনের একজন অফিসারের বরাত দিয়ে বলা হয়, দেশের ভোটকেন্দ্রগুলোর নাম ঘোষণা করা হবে।

ঢাকার শহরতলীতে ছড়িয়েছে বসন্ত রোগ
ঋতুরাজ বসন্তের আগমনী ধ্বনির সঙ্গে রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকাগুলোতে ব্যাপক আকারে দেখা দিয়েছে বসন্ত রোগ। প্রতিদিন গড়ে প্রায় ২৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। রাজধানীর বিভিন্ন বস্তিতে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। কেবল বস্তির সাধারণ মানুষগুলোই নয়, এই রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা এই রোগের প্রাদুর্ভাবের পরপরই বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তাদের মতে, প্রতিদিন গড়ে মৃত্যুর সংখ্যা প্রায় ২০ জন। এও বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত সংবাদ সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন তারা।