ইংরেজিতে শিক্ষকদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে

শিক্ষার্থীদের ইরেজিতে পড়া, লেখা, শোনা, বোঝা ও উপস্থাপনায় উন্নত এবং দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের ইংরেজি ভাষার ওপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার তৈরি করে পুল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রবিববার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনিং অব মাস্টার ট্রেইনার ইংলিশ (টিএমটিই) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন,  প্রাথমিক স্তরে প্রায় শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করাতে সক্ষম হয়েছি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন বর্তমান সরকারের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের ইরেজিতে পড়া, লেখা, শোনা, বোঝা ও উপস্থাপনায় উন্নত এবং দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের ইংরেজি ভাষায় ওপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার তৈরি করে পুল গঠন করা হবে। এসব মাস্টার ট্রেইনাররা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ ট্রেইনার তৈরি করবেন। যারা ধারাবাহিকভাবে সারাদেশের শিক্ষকদের ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দিয়ে ইংরেজিতে দক্ষ করে তুলবে। ফলশ্রুতিতে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিতে না হয়। এতে যেমন আর্থিক ও সময় দুটোই সাশ্রয় হবে। তেমনি শিক্ষকরা দক্ষ হয়ে উঠবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ ও শিক্ষা বিষয়ক পরিচালক ডেভিড মায়নার্ড টিএমটিই-এর বিস্তারিত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, টিএমটিই  ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ব্রিটিশ নাগরিক প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সারা দেশের ১৫ পিটিআইয়ে ১৯৮০ জন শিক্ষককে প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে। ব্রিটিশ কাউন্সিল সারাদেশের ইংরেজিতে অভিজ্ঞ ৬ হাজার শিক্ষক থেকে ১৯৮০ জন শিক্ষক নির্বাচন করে প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার পুল গঠন করবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করার লক্ষ্যে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে গণিত শিক্ষা প্রকল্প সম্পন্ন করা হয়েছে।