‘পাপুলের সংসদ সদস্য পদ নিয়ে এখনি সিদ্ধান্ত নয়’

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহীদুল ইসলাম পাপুলকে কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। তবে এ জন্য তার সংসদ সদস্য পদ এখনি বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পাপুলের সংসদ সদস্য পদ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে রবিবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকারিভাবে না জানা পর্যন্ত আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। কুয়েত সরকার আমাদের সরকারিভাবে কিছু জানায়নি। আমরা পত্রিকায় দেখেছি। এ ঘটনা শেনার পরপরই কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফোন করেছি এবং বলেছি, সঠিক তথ্য নিয়ে আসতে। সেগুলো এলে আমরা যেখানে দেওয়ার সেখানে দেবো। তখন তারা ব্যবস্থা নেবে।’

পাপুল সেখানে একজন সংসদ সদস্য হিসাবে নন; বরং একজন ব্যবসায়ী হিসেবে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, ‘পাপুল কোনও কূটনৈতিক পাসপোর্ট নেননি। সেখানে উনার ব্যবসায় প্রতিষ্ঠান আছে। যেকোনও বাঙালি বিদেশে অপকর্ম করলে আমরা দুঃখ পাই। আবার কোনও বাঙালি ভালো কাজ করলে গর্বিত হই।’

‘পাপুল হচ্ছে ওই ব্যক্তিদের একজন যিনি অপকর্ম করেছেন এবং এটি আমাদের জন্য লজ্জার’—বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন জানান, ইস্যুটি বাংলাদেশ-কুয়েত সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। কারণ কুয়েতের সঙ্গে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়; বরং সামরিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সম্পর্ক আছে।