রাজধানীসহ দেশের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে

তাপমাত্রা বাড়লেও জ্বলীয় বাষ্পের কারণে আকাশ মেঘলা থাকায় অনেক এলাকায় শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। নোয়াখালী,  কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ,  সিলেট ও রংপুর বিভাগের দুই এক জায়গায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  

ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়া বিরূপ আচরণ করে। কখনও হালকা ঠান্ডা, আবার কখনও গরম অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওায় আকাশে মেঘ জমেছে। ফলে তাপমাত্রাও বেড়েছে আবার কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে। 

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকালও এই ধরনের আবহাওয়া থাকবে। এরপর আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে তাপমাত্রা।’  

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০.৫ ডিগ্রি। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৭, ময়মনসিংহে ১৪,  চট্টগ্রামে ১৫.৪, সিলেটে ১৪.৬, রাজশাহীতেও ১২.৮, রংপুরে ১২.৮, খুলনায় ১৬ এবং বরিশালে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।