দুদকের চেয়ারম্যান নিয়োগে সার্চ কমিটির প্রথম বৈঠক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত বাছাই (সার্চ) কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৮ জানুয়ারি সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে কমিটির সভাপতি করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

প্রসঙ্গত, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চ মাসে শেষ হচ্ছে। এ কারণে নতুন চেয়ারম্যান ও কমিশনার বাছাইয়ের জন্য এই সার্চ কমিটি গঠন করা হয়। বাছাই কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে তাদের নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।