দেশে ও বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারকারীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা চায় স্বারষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এজন্য কমিটির আগামী বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারবিরোধী অপপ্রচার, সম্মানিত ব্যক্তিদের মানহানিকর বিভিন্ন বিষয়, যেমন– জাতীয় নির্বাচন, কোভিড–১৯, সড়ক আন্দোলন ইত্যাদি বিষয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি) ১৩টি মামলা করেছে। এসব মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত মোট ৯৮৯টি বিভিন্ন আইডি/পেজ বন্ধ করার জন্য বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, পুলিশের বিভিন্ন ইউনিট অনলাইনে যেকোনও অপরাধমূলক কার্যক্রম নজরদারি করে থাকে। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক প্রোপাগান্ডা ছড়ায়—এমন ব্যক্তিদের আইডি প্রোফাইলিং করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানহানি এবং জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের যাবতীয় কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকাসক্তের আসামিরা বিশেষ অপরাধী বিধায় তারা যাতে সহজে জামিনে বের হয়ে যেতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এছাড়া আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিটি মতামত প্রদান করে। মাদক মামলাসহ সকল মামলায় জড়িত আসামি সে যে দলেরই হোক না কেন, তাকে কোনও ছাড় না দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।