ওমানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান ওমানের সুলতান হাইতাম বিন তারিকের কাছে পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাট নগরীর বাইরে বারকা অঞ্চলে ’কছর আল বারকা’ প্রাসাদে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ওমান জেনারেল টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে।
রাষ্ট্রদূত মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালায় সুলতানের যোগদান দুই দেশের বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে উচ্চতর এক ঐতিহাসিক রূপ দিবে। সুলতান আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সুবিধাজনক সময়ে তা যথাযথ বিবেচনা করার প্রত্যয় ব্যক্ত করছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে সুলতান, পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদী, দিওয়ান অব রয়্যাল কোর্টের মন্ত্রী সাইয়িদ খালিদ বিন হিলাল বিন সাউদ আল বুসাইদি উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আধুনিক ওমান বিনির্মাণে প্রায় ৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।