নমুনা পরীক্ষা কমেছে, বেড়েছে শনাক্ত

দেশে গত সাত দিনে (১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) তার আগের এ সপ্তাহের (৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি) তুলনায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। কিন্তু বেড়েছে নতুন রোগী শনাক্তের হার। মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে।

আজ শনিবার ( ২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে (১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ হাজার ৪২১টি। যা তার আগের সপ্তাহে ছিল ৯৮ হাজার ৬০৮টি। চলতি সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৫৮ জন, আগের সপ্তাহে যা ছিল দুই হাজার ৪৯৬ জন। মৃত্যু দুই সপ্তাহেই ৭৬ জন করে।

চলতি সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা কমার হার শূন্য দশমিক ১৯ শতাংশ। আর নতুন শনাক্ত হওয়া রোগী বৃদ্ধির হার ১০ দশমিক ৫০ শতাংশ।

চলতি সপ্তাহে সুস্থহার হার আগের সপ্তাহের চেয়ে বেড়েছে পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ। গত সপ্তাহে সুস্থ হয়েছেন চার হাজার ১২৫ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন তিন হাজার ৯২৬ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর শনিবার জানায়, এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজার ৩৪২ জন এবং করোনা শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯০ হাজার ৮৯২ জন।