চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ৩৯ হাজার ৭৪১ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা।
বুধবার (১০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সর্বশেষ অগ্রগতি জানানো হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রকল্প ব্যয় এক লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। এরমধ্যে সরকারি অর্থ ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা এবং প্রকল্প সাহায্য ৯১ হাজার ৪০ কোটি টাকা।
বৈঠকে এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে নিরাপত্তাজনিত সব পদক্ষেপ গ্রহণ করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সুপারিশ করা হয়।
সভাপতি আ. ফ. ম. রুহুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, শফিকুল আজম খাঁন, মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ ও হাবিবা রহমান খান বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশগ্রহণ করেন।