তিন মাসে সর্বোচ্চ শনাক্ত, কমেছে মৃত্যুর সংখ্যা

দেশে করোনা শনাক্তের এক বছর পার হওয়ার দুই মাসের ব্যবধানে গত বুধবার আবারও হাজারের ঘরে পৌঁছায় করোনা শনাক্ত। এরপর থেকে করোনা শনাক্ত শুধু বাড়ছে। স্বাস্থ্য অধিদফতর বুধবার (১৭ মার্চ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৫ জন। ২৪ ঘণ্টার এই শনাক্ত গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৭৭ জন। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসেবে পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে দেশে করোনাতে এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৬০৮ জন।

দেশে করোনা শনাক্তের এক বছর পার হওয়ার পর দুই মাসের ব্যবধানে গত বুধবার আবারও হাজারের ঘরে পৌঁছায় করোনা শনাক্ত। এরপর থেকে করোনা শনাক্ত শুধু বাড়ছে। গত ১৪ মার্চ স্বাস্থ্য অধিদফতর এক হাজার ১৫৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল। এরপর ১৫ মার্চ শনাক্ত হয়েছে এক হাজার ৭৭৩ জন। গত ১৬ মার্চ করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৭১৯ জন।

বুধবার (১৭ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫১০ জন, তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে বর্তমানে ২১৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৮টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯ টি পরীক্ষাগারে। আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৭২টি পরীক্ষগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৪৮১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৭৫টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছ ৩৩ লাখ চার হাজার ৮৫৭ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ২৩ হাজার ৪১২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার সাত দশমিক ৬৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ আট জন, আর নারী তিন জন। বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব আট জন, ৫১ থেকে ৬০ বছরের তিন জন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের আট জন আর চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে ছয় হাজার ৫০৯ জন পুরুষ ও দুই হাজার ৯৯ জন নারী মারা গেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬২ শতাংশ আর নারী ২৪ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫১০ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগের ২৯৯ জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই জন করে, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের পাঁচ জন আর সিলেট বিভাগের আছেন ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫৩৮ জন। ছাড়া পেয়েছেন ৫১৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৩৫ হাজার ৭৮০ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ছয় লাখ তিন হাজার ১০৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩২ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৪৩ জন আর ছাড় পেয়েছেন ৫৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ এক হাজার ৭৭২জন আর ছাড় পেয়েছেন ৯১ হাজার ৯৫৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৮১৫ জন।