৭ই মার্চের ভাষণ বাঙ্গালী জাতির মুক্তির সনদ: বাণিজ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ। এ মুক্তি অর্জনের জন্য বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার বীজ বপণ করেছিলেন। ছয় দফা নিয়ে বঙ্গবন্ধু পুরো বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। জনমত সৃষ্টি করতে বঙ্গবন্ধুর সারাদেশ সফর করেছেন, উত্তরবঙ্গ সফরের সময় আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সফরসঙ্গী হবার। বঙ্গবন্ধুর সঙ্গে নৌকায় বিভিন্ন এলাকা সফর করেছি। বঙ্গবন্ধুকে অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল।’

বুধবার ( ১৭ মার্চ) ঢাকায় কাওরান বাজার সংলগ্ন টিসিবি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্ম শতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এই সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার মনের মানুষ। তার মানবিকগুণাবলী ছিল অসাধারণ। বাঙ্গালী জতি বঙ্গবন্ধুকে আপন করে নিয়েছিলেন। তিনি বাঙ্গালী জাতীয়তাবাদকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। তিনি সারাটা জীবন বাঙ্গালী জাতির জন্য কাজ করে গেছেন।’

বাণিজ্য সচিব জাফর উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, টিসিবির মুনশি শাহাবউদ্দীন, বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, ইপিবির ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম আহসান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্টার মকবুল হোসেন।