সাধারণ ছুটির খবর ভুয়া

বেসরকারি কিছু টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি’ ঘোষণার সংবাদটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ কথা জানানো হয়। অনতিবিলম্বে খবরটি টিভি স্ক্রল থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

ওই জরুরি বার্তায় বলা হয়, লক্ষ করা যাচ্ছে যে কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানকে উদ্ধৃতি করে সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব মহোদয় জানিয়েছেন।

প্রসঙ্গত, রবিবার একটি ইলেকট্রনিক মিডিয়াসহ দু-একটি গণমাধ্যম প্রচার করে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি হতে পারে। এ তথ্য প্রচার করা হয় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে।