৯ শর্তে ২৬ মার্চের বরাদ্দ ১ কোটি ২৮ লাখ টাকা

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে ১ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় নির্বাহে এই অর্থ খরচ করা যাবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২১ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব দেবাশীষ নাগ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশের কপি সকল জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জন্য জাতীয় কর্মসূচি বাস্তবায়নের ব্যয় নির্বাহের জন্য প্রতি জেলা প্রশাসকের জন্য দুই লাখ টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ টাকা অগ্রিম উত্তোলনের জন্য বরাদ্দ করা হয়েছে।

এই অর্থ ব্যয়ে দেশের ৬৪ জেলা প্রশাসককে ৯টি শর্ত পালন করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

শর্তে বলা হয়েছে, এই অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। অগ্রিম অর্থ ব্যয়ের ক্ষেত্রে ‘দি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’ এবং ‘দি পাবলিক প্রকিউরমেন্ট রুলস- ২০০৮’ অনুসরণ করতে হবে। খরচ না হওয়া টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে।

২০২০-২১ অর্থবছরের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের জন্য বরাদ্দ করা অর্থ দিয়ে কোনও বকেয়া বিল পরিশোধ করা যাবে না। এর বেশি অর্থ দাবিও করা যাবে না।