৫ হাসপাতালকে প্রস্তুতির নির্দেশ, করোনা ডেডিকেটেড হলো বার্ন ইনস্টিটিউট

করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরও পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা চিকিৎসায় ডেডিকেটেড করা হয়েছে।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির সম্ভাব্য সংকটময় অবস্থা মোকাবেলায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রস্তুতিকরণ বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, দেশে ক্রমাগত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত বছর করোনায় আক্রান্ত রোগী বাড়তে থাকায় এই হাসপাতালগুলোকে করোনা ডেডিকেটেড করা হয়। তবে পরবর্তীতে রোগীর সংখ্যা কমে আসায় এসব হাসপাতালে করোনা ইউনিটের পাশাপাশি অন্য রোগীদের জন্যও সেবা চালু করা হয়।

পৃথক আরেক আদেশে বলা হয়েছে, দেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীর চিকিৎসা সেবা চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।