ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে শেরিংকে অভ্যর্থনা জানান। 

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে ভুটানের রাজা বরাবর আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছিল। অনিবার্যকারণবশত ভুটানের রাজা উক্ত অনুষ্ঠানে যোগদান করতে অপারগ হওয়ায় তার প্রতিনিধি হিসেবে ভুটানের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল  অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে ভুটান বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীক সম্পর্কের সূচনা হয়। পরবর্তীতে, আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও উচ্চপর্যায়ের নেতাদের অব্যাহত সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও নিবিড় হয়েছে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিককালে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ভুটানের সঙ্গে সম্পাদিত হয়েছে।