জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বকে বলার জন্য বাংলাদেশকে একটি সুন্দর গল্প উপহার দিয়েছেন। বুধবার (২৪ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং একথা বলেন।
ভুটানের রাজা, রানি ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি দেশের নিজস্ব গল্প আছে, যা সে অন্যদের জানাতে চায়। বিশ্বকে শোনানোর জন্য বঙ্গবন্ধু বাংলাদেশকে সুন্দর গল্প উপহার দিয়েছেন। আমি অত্যন্ত গর্বিত যে আমি শেখ হাসিনার পাশে বসে এই গল্প শুনছি।
তিনি বলেন, শেখ হাসিনা অত্যন্ত প্রেরণাদায়ক নারী এবং তিনি আমার কাছে মাতৃতুল্য। আমি নিশ্চিত, বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনার জন্য অত্যন্ত গর্বিত।
বাংলাদেশে আসাটা সব সময় আনন্দের, কারণ এটি দ্বিতীয় আবাসস্থল জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, আমি এখানে দুটি বড় উৎসবে যোগ দিতে এসেছি। এর আগে দ্বিপক্ষীয় সফরে অনেকবার এসেছি আমি। কিন্তু এবার এসেছি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। একই সঙ্গে আমি শেখ হাসিনাকে সম্মান জানাতে এসেছি, যিনি তার পিতার সোনার বাংলা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এই বছরটি একটি বিশেষ বছর। কারণ, আমরা এবারে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরের উৎসব পালন করছি। আমরা একসঙ্গে এগিয়ে যাবো এবং সামনের দিনগুলোতে আরও বেশি সাফল্য ও অর্জন পাবো।
আরও পড়ুন-