স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় মসজিদে কুরআনখানি

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ কুরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বাদ জুমা দেশের সব মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনে। এ সময় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।