দীর্ঘ আড়াই বছর পর সাত দেশের সংগঠন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল এই বৈঠকে বিমসটেকের শীর্ষ সম্মেলনে কী কী বিষয় উপস্থাপিত হবে তা নিয়ে সদস্য রাষ্ট্রগুলো আলোচনা করবে।
এ বিষয়ে রবিবার (২৮ মার্চ)পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ২০১৮ সালে কাঠমান্ডুতে শেষ শীর্ষ সম্মেলন হয়েছিল, এ বছর শ্রীলঙ্কাতে হওয়ার কথা আছে। আগামী শীর্ষ সম্মেলনে বিমসটেক চার্টার, কয়েকটি চুক্তি, পরিবহন খাতে মাস্টার কানেক্টিভিটি পরিকল্পনাসহ অন্যান্য বিষয়াদী উপস্থাপন করার বিষয়ে সব দেশের ঐক্যমত্যের প্রয়োজন।
তিনি বলেন, বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে— বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। সদস্য এই রাষ্ট্রগুলোর মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য কাজ করছে সংস্থাটি।
২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয় বিমসটেক কানেক্টিভিটি মাস্টার প্ল্যান তৈরি করার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় এই স্টাডি করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীরা যদি এই পরিকল্পনায় সন্তুষ্ট হয় তবে আগামী শীর্ষ সম্মেলনে এটি গ্রহণের জন্য উপস্থাপন করা হবে।
১৯৯৭ সালে বিমসটেক প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত এর চার্টার গ্রহণ করা হয়নি। এবারের শীর্ষ সম্মেলনে সব প্রধান নেতার স্বাক্ষরের মাধ্যমে এটি গ্রহণ করা হতে পারে বলে তিনি জানান।
এই কর্মকর্তা বলেন, সবদেশের মধ্যে আইনগত সহায়তা (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) সংক্রান্ত চুক্তি, সব দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা চুক্তি ও প্রযুক্তি হস্তান্তর সহায়তা সেন্টার স্থাপন চুক্তি নিয়ে আলোচনার পরে এটি শীর্ষ সম্মেলনে গ্রহণের জন্য সুপারিশ করতে পারেন পররাষ্ট্রমন্ত্রীরা।