আংশিক লকডাউনের পরামর্শ দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব জায়গায় করোনার সংক্রমণ বেশি, সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৯ মার্চ) হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী  অনলাইনে এ অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, ‘সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় লিস্ট দিয়েছি। আশা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই-একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

তিনি বলেন, ‘সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের যত বেড আছে, দেওয়া হয়েছে। আমরা চাইলেই রাতারাতি আইসিইউর ম্যানপাওয়ার বাড়াতে পারবো না।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা সরকারকে পরামর্শ দিয়েছি—কক্সবাজার ও বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা, বা লোকসমাগম সীমিত করা। পিকনিক, বিয়ে, ওয়াজ বন্ধ বা সীমিত করা। রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করা এবং যানবাহনে যাত্রী অর্ধেক বা সীমিত করা। অফিসে জনবল সীমিত করার পরামর্শ আমরা দিয়েছি।’