স্বাস্থ্য অধিদফতরের মতে যে কারণে করোনার ঊর্ধ্বগতি

আত্মতুষ্টিতে ভুগে স্বাস্থ্যবিধির প্রতি অবহেলার কারণে দেশে করোনার সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ সোমবার (২৯ মার্চ) অনলাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই কথা বলেন।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারির শুরুর পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক, পাঁচ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছেন আজ। গত এক বছরে একদিনে এতো পরিমাণ রোগী শনাক্ত হননি এর আগে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে অধিদফতর।

এর আগে গত বছরের ২ জুলাই স্বাস্থ্য অধিদফতর চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল। করোনা মহামারিতে সেটাই ছিল বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। তবে গত পাঁচদিন ধরেই দৈনিক শনাক্ত হচ্ছিলেন সাড়ে তিন হাজারের ওপরে।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের অবশ্যই মাস্ক অবশ্যই পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। গত বছর ধরে যে চর্চাগুলো আমরা করেছি, স্বাস্থ্যসুরক্ষার জন্য যে শিষ্টাচারগুলো আমরা শিখেছি, গত দুই থেকে তিন মাসে আমরা চরম আত্মতুষ্টিতে ভুগে এসব বিষয়ে অবহেলা করেছি। এ কারণেই আজ সংক্রমণের এই ঊর্ধ্বগতি।’

সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য ইউকে ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট প্রভাব রাখছে কিনা প্রশ্নে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘ভেরিয়েন্ট দেশে আসবেই। আমাদের গবেষকরা এ নিয়ে কাজ করছেন। কিন্তু পর্যাপ্ত তথ্য-প্রমাণ আমাদের হাতে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে বিশেষ কোনও ভ্যারিয়েন্টের জন্য এটা হয়েছে। যখন সব তথ্য-প্রমাণ আসবে সেটা আমরা সবাইকে জানাবো।’

তিনি বলেন, ‘কোনও স্ট্রেইনকে এখানে দায়ী করে লাভ নেই। এটি একেবারেই মনুষ্যসৃষ্ট এবং আমাদের অবহেলার কারণে।’

তিনি আরও বলেন, ‘গত তিন মাসে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করার বিষয়ে...সমুদ্র সৈকত থেকে শুরু করে সব কিছুতে মানুষের ঢল ছিল। এখানে ভ্যারিয়েন্টকে দায়ী করার কোনও সুযোগ নেই। গত তিন মাসের অবস্থা পর্যালোচনা করে দেখেছি, স্বাস্থ্যবিধি প্রতিপালনে চরম অনীহা, অবহেলা ও এক ধরনের বেপরোয়া ভাব দেখা গেছে। এসব কারণে আজ সারা বাংলাদেশে সংক্রমণের এই ঊর্ধ্বগতি। এসব কারণেই আজ সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। আর আমরা মনে করি, এই ১৮ দফা মেনে চলার মাধ্যমে খুব দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব।’

আরও পড়ুন- 

মহামারিকালের সর্বোচ্চ শনাক্ত

করোনা সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা