দেশে প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বাড়ছে মৃত্যুও। সংক্রমণের এই ঊর্ধ্বগতির পেছনে আমাদের সবার ভুল দায়ী বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণার প্রসঙ্গে আজ শনিবার ( ৩ এপ্রিল) তিনি বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত যেসব পরামর্শ দিয়েছি, সেগুলো বিভিন্ন পর্যায়ে দিয়ে গেছে সরকার। সে পরার্মশ অনুযায়ী কাজ হচ্ছে। এর আগে আংশিক লকডাউন দেওয়া হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আমাদের পরামর্শ ছিল লকডাউনের। এবারে লকডাউন দেওয়া হলো। এই লকডাউন তো একটা এক্সট্রিম ব্যবস্থা।’
জাহিদ মালেক বলেন, ‘এখন সংক্রমণ বাড়ছে। রোগী প্রতিদিন বাড়ছে আশঙ্কাজনক হারে। এর কারণ আমাদের সবার ভুল। দেশে সংক্রমণ কমে এলো, তাতে করে মানুষ ভাবলো দেশে করোনা নেই। টিকা নেওয়ার পর মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই ভুলে গেলো। সব মিলিয়ে লোকজন বেরিয়ে গেলো। এটাই ভুল ছিল আমাদের। করোনা তো দেশে ছিল। আর আমাদের ভুলে সেটা বেড়ে গেলো অনেক।’
আরও পড়ুন-
সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন
‘শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প কারখানা খোলা থাকবে’
তিনি বলেন, ‘বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের ধুম লেগেছিল। সেখানে না ছিল মাস্ক, না ছিল সামাজিক দূরত্ব। আর আমরা যা করবো তার ফল পাবো না? ঠিক সেভাবেই আমরা যা করেছি তার ফল পাচ্ছি। এতো মানুষ মারা যাচ্ছে, মানুষ যদি সচেতন থাকতো, স্বাস্থ্যবিধি মেনে চলতো, তাহলে এতো মানুষের জীবন যেতো না। এতো মানুষকে হাসপাতালে ভর্তি হতে হতো না। আমাদের ভুলের কারণেই এতো মানুষের মৃত্যু হচ্ছে- এই কথাটা আমাদের বোঝা উচিত। কিন্তু মানুষ সেটা মনে রাখেনি। আর এর জন্য দায়ী আমরা সকলে। এর দায় সবাইকে নিতে হবে। আমাদের ভুলের জন্য বাড়ছে করোনা।’
মন্ত্রী বলেন, ‘এখন চেষ্টা সংক্রমণ কমানোর জন্য। এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণকে এবারে এসব পদক্ষেপ মেনে চলতে হবে। যদি না মানি করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। স্বাস্থ্যবিধি, ১৮ দফা-লকডাউন সবকিছু মানলে হয়তোবা ধীরে ধীরে সংক্রমণ কমতে থাকবে আশা করছি। এটাই পদ্ধতি। এর বাইরে আর কোনও পদ্ধতি নাই সংক্রমণ কমানোর।’
শুক্রবার (২ এপ্রিল) দেশে নতুন করে করোনা শনাক্ত হন ছয় হাজার ৮৩০ জন, যা কিনা এযাবৎকালের সর্বোচ্চ। নতুন শনাক্ত হওয়াদের নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন।
বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত সোমবার প্রথমবারের মতো এক দিনে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর আসে। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে যায়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজারও ছাড়িয়ে যায়।
সরকারি হিসাবে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ১৫৫ জন।