চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠনে সংসদে বিল

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে ট্রাস্ট গঠনের লক্ষ্যে সংসদে বিল উঠেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ রবিবার (৪ এপ্রিল) সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ তোলেন। পরে বিলটি পরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হবেন এর সচিব।  ১৩ সদস্যের বোর্ডের কথা বিলে বলা হয়েছে।

বিলে আরও বলা হয়, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সরকার নিয়োগ করবে।

ট্রাস্টে তহবিল আসবে সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও  সম্পদের আয় থেকে।

কোনও চলচ্চিত্র শিল্পী মারা গেলে তার পরিবারের সদস্যরাও যাতে সহায়তা পান, খসড়া আইনে সেই ব্যবস্থার কথাও বলা আছে।

বিলটি আনার কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করতে অক্ষম, অসমর্থ ও অস্বচ্ছল, অসুস্থ শিল্পীদের চিকিৎসা এবং মৃত্যু ঘটলে তার পরিবারকে প্রয়োজনে দাফন-কাফন বা শেষকৃত্যানুষ্ঠানে আর্থি সহায়তা দিতে ও তাদের কল্যাণের জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন।’