জনগণের সেফটি-সিকিউরিটির কথা মাথায় রেখে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। যে সমস্ত কারণে লকডাউন দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন। এ বিষয়ে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। যদিও এই বিষয়টা আমার নয়। তবে দেশের মানুষের যেন ক্ষতি না হয় আমরা সবসময় সেদিকে লক্ষ্য রাখছি।’
বুধবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুমÍফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘করোনার ক্ষতি মোকাবিলায় প্রণোদনার সবগুলো প্যাকেজই প্রধানমন্ত্রীর ধারণা ও পরিকল্পনায় হয়েছে। যদিও আমাদের মন্ত্রণালয় থেকেই তা ঘোষণা করা হয়েছে। আমরা শুধু এসব প্যাকেজ বাস্তবায়ন করেছি।‘
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের সম্পর্কে বেশ উচ্ছ্বসিত ধারণা দিলেও মূলত আমাদের কাজ আমাদেরই করতে হবে। আমাদের থিউরেটিক্যাল আসপেক্টে না গিয়ে প্রাকটিক্যাল আসপেক্টে ভাবতে হবে। আমাদের উন্নয়ন যাতে আরও বেশি বেশি করতে পারি এবং আমাদের পলিসি পারসপেকটিভে যেসব আইডিয়া ছিল, সেগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হলে আমরা টাইম টু টাইম প্রজেকশন করি বাস্তবায়ন কতটুকু হলো।’