আগামী ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে আর চাল আমদানি করা হবে না। চাল আমদানি বন্ধ করে দেওয়া হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই তথ্য জানিয়েছেন। বোরো সংগ্রহ কর্মসূচিতে কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
সোমবার (২৬ এপ্রিল) আসন্ন বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানিয়েছেন, বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ পাওয়া যেসব আমদানিকারক গত ২৫ মার্চ ও ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন তাদের সব চাল আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাজারজাত করতে হবে। শেষবারের মতো চাল আনার সময় বেঁধে দিয়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে দুটি চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘বেসরকারি আমদানিটা বন্ধ হয়ে যাচ্ছে। যতটুকু এলসি খোলা হয়েছে তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব চাল আনতে হবে। ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে আমদানির কোনও চাল দেশে প্রবেশ করবে না। কৃষকের ক্ষতি হতে পারে এই চিন্তা করেই আমরা ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। মাত্র চার দিন বাকি আছে।’
তিনি বলেন, ‘সরকারিভাবে আপৎকালীন মজুত বাড়ানোর জন্য আমরা টেন্ডার করেছি। সেটার অনেকখানি এসেছে, আরও কিছু রাস্তায় আছে। সেগুলো আসবে। জুন পর্যন্ত যেটা (চাল) আমাদের লাগবে, আপৎকালীন মজুদ রাখতে হবে, সেই কন্ট্রাক্টের চালগুলো আসবে।’