বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। করোনা অতিমারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আড়ম্বরপূর্ণ পরিবেশে সোমবার পরিচয়পত্র পেশ অনুষ্ঠান আয়োজিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশের পর স্পেনের রাজা এবং রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই যে গুটিকয়েক রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল স্পেন তার মধ্যে অন্যতম। বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত সম্ভাবনার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি ফরেন অফিস কনসালটেশন, দ্বৈতকর পরিহার, দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণ ও সংরক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেন।
স্পেনের রাজা রাষ্ট্রদূতের উত্থাপিত বিষয়সমূহ গুরুত্ব দিয়ে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
একান্ত এ বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।