নমুনা পরীক্ষার ফি কমানোর সুপারিশ

বেসরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার ফি কমানোর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি। নমুনা পরীক্ষার ফি দেড় থেকে দুই হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার রাতে (২৮ এপ্রিল) কারিগরি পরার্মশক কমিটির সভায় এসব সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে সুপারিশসমূহ গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সময়ে করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের দাম দুই হাজার ৭০০ টাকা থেকে তিন হাজার টাকা ছিল। কিন্তু এখন সেই কিট ৮০০ থেকে এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এ কারনে বেসরকারি পর্যায়ে টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য নমুনা পরীক্ষা ফি সবার সঙ্গে আলোচনা করে পুনর্নির্ধারণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌'একই সঙ্গে বেসরকারি পর্যায়ে টেস্টের মূল্য ১৫শ' টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষার ফি ১০০ টাকা, বাসায় গিয়ে নমুনা পরীক্ষা করতে হলে ৩০০ টাকা দিতে হয়। বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ফি তিন হাজার টাকা। বিদেশগামী শ্রমিকদের নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা।

এর আগে, গত জানুয়ারিতে সরকারিভাবে পরীক্ষার ফি বিনামূল্যে করার সুপারিশ করেছিল কমিটি।

দেশের সংক্রমণ প্রতিরোধে সরকার বিধি নিষেধ অব্যাহত রেখেছে। এই বিষয়ে কমিটি সন্তোষ প্রকাশ করলেও বিধি নিষেধ পালনের ক্ষেত্রে আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার কাজ আগের মতো চালিয়ে যেতে হবে বলে মতামত দেওয়া হয়। ইতোমধ্যে সরকারের কাছে লকডাউন পরবর্তী এক্সিট প্ল্যান এর পরামর্শ দেওয়া হয়েছে যা বাস্তবায়ন খুবই জরুরি বলে জানানো হয়েছে।