লিবিয়ায় উদ্ধার বাংলাদেশিদের সঙ্গে দেখা করতে চায় দূতাবাস

লিবিয়ার উপকূল থেকে উদ্ধারকৃত ১৬৪ জন বাংলাদেশির সঙ্গে দেখা করার জন্য অনুরোধপত্র পাঠিয়েছে দূতাবাস। লিবিয়ান কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই বাংলাদেশিদের সঙ্গে দেখা করতে চান দূতাবাসের কর্মকর্তারা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘গত ১০ জুন ভূমধ্যসাগর উপকূল থেকে ৪৩৯ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৬৪ জন বাংলাদেশি আছে বলে আমাদের জানানো হয়। আমরা ইতোমধ্যে লিবিয়ান কর্তৃপক্ষের কাছে তাদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছি।’

কবে নাগাদ দেখা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বলা মুশকিল। লিবিয়া অনেক বড় দেশ এবং আমাদের দূতাবাসের সক্ষমতা কম।’

ওই কর্মকর্তা বলেন, ‘এর আগে গত ২৭ ও ২৮ মে ২৪৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছিল এবং এদের মধ্যে এখন পর্যন্ত আমরা ৮০ জনের সঙ্গে দেখা করতে পেরেছি।’

উদ্ধারকৃত ব্যক্তিদের দেশে ফিরিয়ে নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মাধ্যমে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আছে।’