কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনে কমিটি

সরকার কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। কারা হবেন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি তা চূড়ান্ত মনোনয়নের আগে কয়েকজনকে বাছাই করা হবে। বাছাই করার কাজটি সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রধান করে দিতে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।  মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।

জানা গেছে, কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) হিসেবে বাছাইকৃত ব্যক্তিদের নাম সুপারিশ করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন কারা হবেন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন,  প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব যে কোনও একজন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিব।

গঠিত কমিটি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনের জন্য কৃষি মন্ত্রণালয়ের চূড়ান্ত বাছাই কমিটি প্রণীত সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সুপারিশ দেবে।

প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজন মনে করলে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।