গ্রাম আদালতের মতো নগর আদালত প্রতিষ্ঠা করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (২৪ জুন) ‘নগর আদালত আইন: প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এবং নাগরিক উদ্যোগ এই ভার্চুয়াল সংলাপের আয়োজন করে।
মন্ত্রী বলেন, গ্রামের মতো নগর বা শহরেও গরিব-দুঃখী অসহায় মানুষ বসবাস করেন। ক্ষুদ্র-ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য তাদের আদালতের শরণাপন্ন হতে হয়। তাই সিটি করপোরেশনে বসবাসরত নাগরিকদের জন্য নগর আদালত আইন বা অন্যকোনও নামে আদালত প্রতিষ্ঠিত হলে নাগরিকরা দ্রুত বিচার পাবেন এবং উপকৃত হবে।
তিনি বলেন, গ্রাম আদালত বা নগর আদালত যেটাই করা হোক না কেন যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা না যায় তাহলে প্রত্যাশিত লক্ষ্য অর্জিত হবে না। কোনোক্রমে মানুষের জনদুর্ভোগ বাড়ানো যাবে না।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট সংস্থার জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা, আইনজীবী, সামাজিক আন্দোলনে যুক্ত ব্যক্তি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করে নগর আদালত আইনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।