স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান ভার্চুয়ালিও হতে পারে

কোভিড পরিস্থিতির উন্নতি না হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান ভার্চুয়ালিও হতে পারে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৮ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পিআরও সুফি মারুফের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নিমিত্ত গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অনুমোদিত পরিকল্পনার আলোকে বছরব্যাপী নানা আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানমালা বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়। বর্তমান কোভিড পরিস্থিতির উন্নতি না হলে অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাকক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির উপস্থিত ছিলেন।

এর বাইরে ভার্চুয়ালি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, সুভাষ সিংহ রায়সহ কমিটির সদস্যরা সংযুক্ত ছিলেন।