উন্নয়ন-অগ্রগতির মূল প্রতিপক্ষ দুর্নীতি। দুর্নীতিমুক্ত উন্নয়ন টেকসই হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সোমবার (২৮ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালা এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদফতর, দফতর, সংস্থাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরাই উৎপাদনের প্রাণ। বিশৃঙ্খলা, অনিয়ম, অসাধুতা ও অনৈতিকতার চর্চারোধে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে শুদ্ধাচার প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অযথা ফাইল আটকে রাখাও শুদ্ধাচার পরিপন্থী। শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে আপনারা সর্বদা শ্রমিকদের কল্যাণে কাজ করবেন।
এবছর শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত অধিদফতর পর্যায়ে সম্প্রতি বিদায়ী শ্রম অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব একেএম মিজানুর রহমান, মন্ত্রণালয়ের উপসচিব মহিদুর রহমান এবং অফিস সহকারী কাম ষাঁট মুদ্রাক্ষরিক সাবেকুন নাহারের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট এবং একমাসের মুল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেওয়া হয়।