দেশে অবস্থান করা প্রবাসীকর্মীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। তবে তাদের নামের তালিকা আসতে হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে।
বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
বিশ্বের যেসব দেশ সিনোফার্মের ভ্যাকসিন মেনে নিচ্ছে বা মেনে নিতে চায়‑ সেসব দেশের প্রবাসী শ্রমিকরা টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। ঢাকার বাইরেও এ টিকা নেওয়া যাবে। টিকা নেওয়ার পর টিকার সার্টিফিকেট নিয়ে তারা বিদেশে যেতে পারবেন। ইতোমধ্যেই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রবাসী শ্রমিকদের তালিকা চাওয়া হয়েছে। তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কোনও টিকা দেওয়া হবে না।
আগামীকাল (১ জুলাই) থেকে ফাইজারের টিকাদান কর্মসূচি চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যাচ্ছে না, যেমন সৌদি আরব এবং কুয়েত, ফাইজারের টিকা দেওয়া হয় এমন কেন্দ্র থেকে প্রবাসীরা টিকা নিতে পারবেন। কিন্তু সেখানেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে তালিকা দেওয়া হবে এবং সে তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রবাসী শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেন্দ্রে গিয়ে ভিড় করলে হবে না। কেন্দ্র কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারবে না, তালিকাও দেবে না। তালিকা আসতে হবে জনশক্তি ব্যুরোর মাধ্যমে।
রেজিস্ট্রেশন করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এই সাত কেন্দ্রের একটি বেছে নিয়ে সেখান থেকে টিকা নিতে হবে।
তবে অবশ্যই তার আগে রেজিস্ট্রেশন করে কেন্দ্র থেকে এসএমএস পেতে হবে। কেন্দ্রে গিয়ে এসএমএস দেখালে টিকা দেওয়া হবে।
ডা. শামসুল হক বলেন, আমাদের কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। আগামীকাল থেকে (১ জুলাই) ফাইজারের টিকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।
তিনি বলেন, এই সাতটি কেন্দ্রে এর আগে যারা টিকার জন্য নিবন্ধন করেছিলেন, যারা বিভিন্ন কারণে সে টিকা নিতে পারেননি, এখন তারা আগের নিবন্ধনের প্রেক্ষিতে যদি এসএমএস পেয়ে থাকেন টিকাকার্ড সঙ্গে এনে টিকা নিতে পারবেন। তবে অবশ্যই টিকা কেন্দ্রের এসএমএস থাকতে হবে।
একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ভ্যাকসিন হাতে আসছে, এছাড়াও আরও ভ্যাকসিন পেতে যাচ্ছি বলে জানান তিনি।