ভয় পাবো কিনা বুঝতেছি না, সংসদে জাপা এমপি চুন্নু

গত ৩০ জুন পাশের আসনে বসা সংসদ সদস্যের কোভিড টেস্ট রিপোর্ট প্রথমে পজিটিভ পরে নেগেটিভ আসার কারণে নিজে ভয় থাকলেও ভয় পাবেন কী পাবেন না সেটা বুঝতে পারছেন না জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু।

শনিবার (৩ জুলাই) সংসদে আনা একটি বিল বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর বক্তব্যকালে চুন্নু এ কথা বলেন।

সংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আনা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল ২০২১ বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর চুন্নু বক্তব্য দেন। এসময়ে তিনি বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা অসুস্থতার প্রসঙ্গ টানেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমার পাশে যিনি বসেন আমাদের বিরোধী দলের চিফ হুইপ, (মসিউর রহমান রাঙ্গা) তিনি এখন চিকিৎসাধীন আছেন। তিনি কোভিড আক্রান্ত। আমি ভয়ে ছিলাম। ১ জুলাই রাতে হঠাৎ করে বিরোধী দলের চিফ হুইপের জ্বর আসে। কোভিড হতে পারে এমন আশঙ্কা করে তিনি সঙ্গে সঙ্গে কোভিড টেস্ট করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে যোগাযোগ করেন। ওই সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় তিনি এখন কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।’

‘পরদিন (২ জুলাই) তিনি ভর্তি হতে যাওয়ার সময় সংসদে টেস্ট করাতে দেন। বিকেলে সংসদের টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ। তিনি পজিটিভ না নেগেটিভ। আমি ভয় পাচ্ছি। এখন আমি ভয় পাবো কী পাবো না এটাও ঠিক বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘একজন বিরোধী দলের চিফ হুইপ, তার টেস্ট এক জায়গায় পজিটিভ আরেক জায়গায় নেগেটিভ। হেলথ কেয়ার দিলো পজিটিভ। তার কয়েক ঘণ্টা পরে আইইডিসিআর রিপোর্ট দিয়ে বলছে নেগেটিভ। এটা তো একটা সমস্যা। স্বাস্থ্যমন্ত্রী এখানে নেই। তিনি সেদিন বললেন, বাংলাদেশে কোভিডে কোনও সমস্যাই নেই। তিনি আমেরিকার সঙ্গে তুলনা করেন। এই জিনিসগুলো দেখা দরকার।’