৩৫তম বিসিএসে মেধায় কারিগরি কোটা পূরণ হবে

কাউকে পাওয়া যায়নি বলে ৩৪তম বিসিএস পরীক্ষায় কারিগরি ও পেশাগত সংরক্ষিত কোটার ৬৭২টি পদ পূরণ হয়নি। এ কারণে ৩৫তম বিসিএস পরীক্ষায় মেধারভিত্তিতে উত্তীর্ণদের মধ্য থেকে এই শূন্য পদগুলো পূরণ করা হবে। এ ছাড়া পঁয়ত্রিশতম বিসিএসে এক হাজার ৮০৩টি শূন্যপদও পূরণ করা হবে।
বিসিএস পরীক্ষার্থীদের জন্য এমনই একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সচিব বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ কয়েকটি কোটায় প্রার্থী না থাকায় ওইসব কোটার জন্য সংরক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদ ক্যাটাগরি পূরণ হচ্ছে না। পদগুলো শূন্য পড়ে আছে। এ কারণে পয়ত্রিশতম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এসব পদে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, এই সুযোগ কেবল পঁয়ত্রিশতম বিসিএসের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সচিব জানান, সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচ্য বিষয় ছিল ৮টি। এগুলোর মধ্যে পাঁচটি হল অবহিতকরণ এবং ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন,হজ নীতির অনুমোদন ও বিসিএস সংক্রান্ত।
/ওএফ/এমএসএম/আপ-এআর/