সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার (৫ জুলাই) সেনা সদরে এ সাক্ষাৎ হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সাক্ষাতের সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা। ভারতীয় হাইকমিশনার সেনা সদরে এলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন।
সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিন আহমেদকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এছাড়াও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।