সর্বোচ্চ নমুনা পরীক্ষায় সর্বোচ্চ রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৬৪ জন। আর এই রোগী শনাক্ত হয়েছেন এ যাবত কালের সর্বোচ্চ সংখ্যক  নমুনা পরীক্ষায়।

দেশে মহামারিকালে একদিনে এত নমুনা এর আগে পরীক্ষা করা হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ৮৬০টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি।

রবিবারের আগে গত বৃহস্পতিবার (৮ জুলা) একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৬৯১ জন। সেদিন সর্বোচ্চ ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

দেশে গত বছরের মার্চে যখন করোনা মহামারি শুরু হয়, তখন সরকারের একমাত্র ল্যাব রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে ( আইইডিসিআর) করোনার নমুনা পরীক্ষা করা হতো।

শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছে— টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট। সেই সঙ্গে ‘যত বেশি পরীক্ষা তত বেশি রোগী শনাক্ত’ হওয়ার কথা দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছিলেন। পরে ধীরে ধীরে সরকারি পরীক্ষাগার বাড়ানো হয়। এসময় বেসরকারি পরীক্ষাগারকেও করোনার নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় সরকার।

সেই সঙ্গে অ্যান্টিজেন পরীক্ষার দাবিও তোলা হয় জনস্বাস্থ্যবিদদের পক্ষ থেকে। অবশেষে গত বছরের ৫ ডিসেম্বর দেশে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয় সরকার। সেদিন যশোর জেলা সদর হাসপাতালে শুরু হয়ে পরে আরও ১০টি জেলায় প্রাথমিকভাবে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়।

দেশে বর্তমানে ৬১৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৩০টি পরীক্ষাগারে আরটি-পিসিআর পদ্ধতিতে, ৪৮টি জিন এক্সপার্ট পরীক্ষার এবং ৪৩৫টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষারের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।