দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগসহ প্রগতিশীল সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
শুক্রবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন হালদারের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম রনি প্রমুখ।
মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে সূচনা হয়েছিল, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বিকশিত হয়েছে।
সংগঠন এবং জাতির দুঃসময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনবদ্য অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি। আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা প্রয়োজন।