ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত

ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহতরাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- হিরন ও আব্দুল্লাহ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগ এলাকার শিকদার মেডিক্যাল কলেজের পাশে নতুন রাস্তায় এই ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন হাজারিবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। রাত ১২টা ৪৫ মিনিটে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই মফিজুল জানান, ডিবির সঙ্গে বন্ধুকযুদ্ধে তারা আহত হয়েছিলেন।
এদিকে ডিবির একটি সূত্র জানিয়েছে, বুধবার কামরাঙ্গীরচর এলাকা থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করেন তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগে অভিযানে যায় ডিবি। রাত ১২টার দিকে ডিবির দলটি শিকদার মেডিক্যাল কলেজের পাশে নতুন রাস্তায় পৌঁছায়। এ সময় দুটো মোটরসাইকেলে করে কয়েকজন জঙ্গি ডিবির ওপর গ্রেনেড নিক্ষেপ করে ও গুলি ছুড়ে। এ সময় ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা দুজন গুলিবিদ্ধ হয়। আরেকটি মোটরসাইকেলে থাকা জঙ্গিরা পালিয়ে যায়।
নিহতদের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
/এআরআর/এসএম/