বঙ্গবন্ধু হত্যার পরের দিনই মুশতাককে পাকিস্তানের স্বীকৃতি

স্বাধীনতার পর ১৯৭২ সালে ১০ জানুয়ারি বন্দিদশা থেকে মুক্ত বঙ্গবন্ধু দেশে ফিরে যুদ্ধাপরাধীদের বিচার, পাকিস্তানে আটক বাংলাদেশিদের ফেরত দেওয়া এবং বাংলাদেশ থেকে পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে কথা বলেন। বিশ্ব সংস্থাগুলোকে বারবার এই তিন ইস্যুতে পাকিস্তানকে চাপ দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট যতবার আলোচনায় বসতে চেয়েছেন বঙ্গবন্ধু ততবারই স্পস্ট জানিয়ে দিয়েছেন, আগে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি, তারপরে কোনও আলোচনা। কিন্তু বরাবরের মতো পাকিস্তানের পক্ষ থেকে টালবাহানা চলছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরের দিনই গঠিত খোন্দকার মুশতাক আহমদের সরকারকে স্বীকৃতি দেয় পাকিস্তান। 

প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, নয়া সরকারের প্রতি পাকিস্তানের রাষ্ট্রপতি স্বীকৃতিদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ঘোষণা করা হয়। একটি সরকারি বিবৃতিতে ঘোষণা করা হয় যে, জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের সরকারকে অবিলম্বে স্বীকৃতি দানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের নয়া নেতৃত্বকে স্বীকৃতি দানের জন্য ইসলামি সম্মেলন ও তৃতীয় বিশ্বের ৪০টি দেশের প্রতি আবেদন জানানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

.যুক্তরাষ্ট্র স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক কাজকর্ম অব্যাহত রাখার জন্য প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেয়। কিন্তু পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ক্ষমতা গ্রহণের অব্যাবহিত পরই সেখানকার নয়া সরকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেনি। তবে আমাদের নিকট আবেদন জানানো হলে আমরা তাদের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুত রয়েছি, সে সম্পর্কে আমি নিশ্চিত। দূতাবাসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ঢাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানকার অবস্থানরত আমেরিকানরা সবাই নিরাপদ রয়েছেন।

১৯ আগস্ট এদিকে আমেরিকা বাংলাদেশের নয়া সরকারকে বিপুল পরিমাণ সাহায্যদান অব্যাহত রাখবে বলে জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, অতীতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। আমরা বাংলাদেশের নয়া সরকারের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে ইচ্ছুক। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারকে স্বীকৃতি দিতে প্রস্তুত, কিন্তু ঢাকার কাছ থেকে এখনও আমরা কোনও অনুরোধ পাইনি।

.পাকিস্তানের বাইরেও আসতে থাকে স্বীকৃতি

সৌদি আরব বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেয়। ১৬ আগস্ট ঘোষণার মাধ্যমে সে কথা জানায়। সৌদি আরবের বাদশা ও সুদানের প্রেসিডেন্ট এক বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি খোন্দকার মুশতাক আহমদকে অভিনন্দন জানান। নয়া রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত বাংলাদেশের নয়া সরকারকে ব্রিটেন, জাপান ও বার্মা ১৮ আগস্ট স্বীকৃতি দেওয়ার খবর পাওয়া যায়। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের পর তিন দিনের মধ্যে সাতটি দেশ স্বীকৃতি দেয় বলে পত্রিকায় প্রকাশ করা হয়। প্রচার করা হয় যে, ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র বৃটেনের এই স্বীকৃতি নোটের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে। নোটটি মুশতাক আহমেদ সরকারের কাছে পৌঁছে দিয়েছেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনার। ২১ আগস্ট রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন সরকারকে আরও আটটি দেশ স্বীকৃতি দেয়। বাংলাদেশের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এ তথ্য প্রকাশ করেন। যুগোস্লাভিয়া, অস্ট্রেলিয়া, মরক্কো, বেলজিয়াম, ইতালি, আর্জেন্টিনা, লিবিয়া ও দক্ষিণ কোরিয়া তাদের মধ্যে অন্যতম। ২৩ আগস্ট মুশতাককে কমনওয়েলথ সেক্রেটারিয়েট অভিনন্দন জানায়। সেক্রেটারি জেনারেল রামপাল এক তার বার্তায় রাষ্ট্রপতি খোন্দকার মুশতাক আহমেদকে অভিনন্দন জানান। রামপাল বলেন, রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আপনি আমার সহযোগীদের অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন।

.ভারতও কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়

বাংলাদেশের ঘটনাকে অভ্যন্তরীণ কোন্দল বলে ভারতের একজন সরকারের মুখপাত্র নয়াদিল্লিতে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সেখানকার অভ্যন্তরীণ ব্যাপার। এক বিবৃতিতে তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে। উপ মহাদেশের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব ভারতের জনগণের কাম্য। ১৯ আগস্ট ভারতীয় হাইকমিশনার ঢাকায় প্রত্যাবর্তন করেন বলে কূটনৈতিক সূত্রে জানানো হয়। কয়েকদিন আগে তিনি নয়াদিল্লি গিয়েছিলেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ দেবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

এদিকে ২৭ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আল-আহরাম পত্রিকার প্রতিনিধিকে বলেন, বাংলাদেশ এবং আমাদের সব প্রতিবেশীর সঙ্গে মৈত্রী ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে ভারত স্থির থাকবে। বাংলাদেশের বর্তমান নেতৃবৃন্দ তাদের প্রধান বিবৃতিতে যুক্ত ঘোষণা অনুসারে উপমহাদেশে শুভেচ্ছা ও সহযোগিতা প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে যাবেন এবং যেসব মূলনীতির ভিত্তিতে বাংলাদেশ গঠিত হয়েছে সেইসব নীতি বাস্তবায়নের কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদেশি দূতাবাসের মর্যাদা অক্ষুণ্ন থাকবে

১৬ আগস্ট পত্রিকায় ১৫ আগস্টের ঘোষণা প্রকাশ করা হয়। যেখানে হলা হয়, বিদেশি দূতাবাসের মর্যাদা অক্ষুণ্ন থাকবে। এই দিন একজন সহকারী মুখপাত্র একথা জানান, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশে বিদেশি কূটনীতিক ও দূতাবাসে দায়িত্বপালনরত কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই দিনেই লন্ডনে হাইকমিশন ভবনের একটি উশৃঙ্খল দল প্রবেশ করে ভবনের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবিকে অসম্মানিত করে। তারপর তারা চলে যাওয়ার পূর্বে হাইকমিশনের কর্মচারীকে কমিশন ভবনের বাইরে বের করে দেওয়া হয়। প্রাথমিকভাবে কেউ গ্রেফতার হয়নি।