জনশূন্য ক্যাম্পাসেই চতুর্থদিনের কর্মবিরতির পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি মেট্রোরেলের রুট বদল ও শিক্ষকদের দাবি আদায়ের সমর্থনে মিছিল ও সামাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। সমাবেশে অতিদ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানের আশাবাদ ব্যাক্ত করেন শিক্ষক নেতারা।
এ সময় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কর্মবিরতির ব্যাপারে আমরা বেশি উদ্বিগ্ন। কারণ এতে ছেলে-মেয়েদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। তারা শিক্ষা কার্যক্রমের বাইরে থাকবে এটা আমাদের চিন্তারও বাইরে।
এদিকে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট বদলের দাবি জানান বক্তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান কর্মবিরতির প্রতি সমর্থন ও দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। একই সময়ে শিক্ষকদের প্রাপ্য সম্মান দেওয়ার দাবি জানিয়ে ক্যাম্পাসে মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
/এসআর/এফএ/