‘ডেঙ্গু মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গু নির্মূল করতে হবে। জনসম্পৃক্ততাই ডেঙ্গু মোকাবিলার উত্তম উপায়। জনসাধারণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে না।’

বুধবার (১৮ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘মন্ত্রী, মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারী দিয়ে ঢাকাকে মশামুক্ত করে জনজীবনে স্বস্তি এনে দেওয়া সম্ভব নয়। জনগণের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করা যেমন সিটি করপোরেশনের মৌলিক দায়িত্ব, তেমনি নাগরিকদেরও নিজেদের ওপর অর্পিত দায়িত্ব অবহেলা না করে সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে।’

মন্ত্রী জানান, এডিস মশা কীভাবে এবং কোথায় জন্ম নেয় এসব বিষয়ে নগরবাসীকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে। মানুষ যদি সচেতন হয়ে এ বিষয়গুলোতে নজর দেন, তাহলে এডিস মশা নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে আনা সম্ভব।

নির্মাণাধীন বাসাবাড়িতে এডিস মশার প্রজনন বেশি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাসাবাড়ির ছাদে, বেজমেন্টে অথবা ফুলের টবে জমানো স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করতে না পারলে সেখানে মশা জন্ম নেবে।’ কেরোসিন তেল ঢেলে বা স্প্রে করে নগরবাসীকে এডিস মশার লার্ভা নষ্ট করার পরামর্শ দেন মন্ত্রী।

বিশ্বের অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে এবং প্রতিবছর প্রায় একশ’ থেকে চারশ’ মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় জানিয়ে মন্ত্রী সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর মশার প্রভাব বেশি এ কথা সত্য। কিন্তু আমরা কেউ বসে নেই। সবাই সর্বাত্মকভাবে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করছেন।’

এ সময় এডিস মশা নিধনে একটি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট প্রণয়ন করা হয়েছে এবং সে অনুযায়ী সারা দেশে কাজ শুরু হবে বলেও সভায় জানান মন্ত্রী।

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় ও ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর, নগর পরিকল্পনাবিদ, বিভিন্ন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।