বন্ধ হয়ে যাচ্ছে সৌদি আরবে কোয়ারেন্টিন খরচে ভর্তুকি

সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ওপর ভর্তুকি দেওয়ার আবেদন বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ২০ আগস্ট থেকে আবেদন গ্রহণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একজন উর্দ্ধতন কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯ আগস্ট বোর্ডের মহাপরিচালক সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে একটি চিঠি দিয়ে স্থগিত রাখার নির্দেশনা দেয়। চিঠিতে উল্লেখ করা হয়, কোভিড ১৯ এর মহামারির কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচ বাবদ চলমান আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমটি আগামী ২০ আগস্ট থেকে নির্দেশক্রমে স্থগিত করা হলো।

ওয়েজ আর্নার্স বোর্ডের চিঠির প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি করেছে সৌদির জেদ্দাহতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বিজ্ঞপ্তিতে একই কথা উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, কোভিড-১৯ ভাইরাস বিস্তার রোধে সৃষ্ট সংকটে সৌদি আরবে আগত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাবদ ব্যয়ের বিপরীতে চলমান আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্দেশনায় ২০ আগস্ট থেকে স্থগিত করা হলো।